কাবুলে অবস্থান করা এই ফুটবলার কথা বলেছেন সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে। নিরাপত্তার স্বার্থে তাঁর ছবি ও নাম প্রকাশ করা হলো না।
তালেবান নিয়ন্ত্রণে বিপদের মধ্যে আছেন আফগান নারী ফুটবলাররা
‘আমাদের মেয়েদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে’, দীর্ঘশ্বাস ফেলে বলা কথাটার কেমন যেন অনিশ্চয়তা, অশান্তি। তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের অপমৃত্যুর শঙ্কা। কাবুলেই জন্ম, কাবুলে বেড়ে ওঠা। পরিচয় প্রকাশ না করার শর্তে সেখানে বসেই মুঠোফোনে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। আফগানিস্তানে ফিরে এসেছে তালেবানি নিয়ন্ত্রণ। একজন নারী খেলোয়াড় হয়ে পরিচয় প্রকাশ করে তালেবানদের বিরুদ্ধে কথা বলবেন, সে সাহস দেশটিতে কারই–বা আছে!
একসময় এই ফুটবলারই বিদেশের মাটিতে আফগানিস্তানের জাতীয় সংগীত গেয়ে দেশকে জেতানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে ফুটবল মাঠে নামতেন। অথচ এখন কিনা জীবন বাঁচাতে তিনিই ভুলে যেতে চান নিজের ফুটবলার সত্তা! আগুনে পুড়িয়ে ফেলেছেন খেলার বুট, প্রিয় জার্সি। কেমন আছেন—ঢাকা থেকে করা প্রশ্নটি তাঁর কাছে হয়তো রসিকতার মতোই শোনাল। উত্তরে বললেন, ‘আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি, বিশেষ করে মেয়েরা। আমাদের জীবন হুমকির মধ্যে। খুব কঠিন সময় পার করছি। জানি না সামনের দিনগুলোতে কী অপেক্ষা করছে।

0 Comments