করোনা শনাক্তের হার কমছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। চলতি আগস্ট মাসের শুরু থেকে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার প্রতিদিন কমছে। একই সঙ্গে মৃত্যুও কমছে। গতকাল রোববার রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ। শনাক্তের এই হার গত নয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৪ জুন রোগী শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ঈদের আগে-পরে আরোপ করা কঠোর বিধিনিষেধের ফলে শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, এমনটা ভাবার সুযোগ নেই। এখনো শনাক্তের হার ১৫ শতাংশের বেশি। ইতিমধ্যে প্রায় সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যানবাহন, রাস্তাঘাটে আগের মতোই মানুষের ভিড় হচ্ছে প্রতিদিন। স্বাস্থ্যবিধিও যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। এমন পরিস্থিতিতে আগামী মাসের শুরুর দিক থেকে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।

0 Comments